| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় সোর্স সন্দেহে শ্রমিকদল নেতার এক্সোভেটরে আগুন

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ১৭:০৭:০২:অপরাহ্ন  |  ১৩৫৪ বার পঠিত
কুষ্টিয়ায় সোর্স সন্দেহে শ্রমিকদল নেতার এক্সোভেটরে আগুন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সোর্স সন্দেহে শ্রমিকদল নেতা আইয়ুব আলী মণ্ডলের একটি এক্সোভেটরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুনে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

রোববার গভীর রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আইয়ুব আলী মণ্ডল জগন্নাথপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক এবং মহেন্দ্রপুর গ্রামের মৃত লোয়াই মণ্ডলের ছেলে।

এ ঘটনায় সোমবার (২৫ মে) দুপুরে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পদ্মা নদীর কোলঘেঁষা চর মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদের পাশে রাখা একটি এক্সোভেটরের ওপরের অংশ আগুনে পুড়ে গেছে।

আইয়ুব আলীর ছেলে অন্তু মণ্ডল জানান, রাত ৩টার দিকে এক্সোভেটরে আগুন লাগার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে গাড়ির ব্যাটারি, ইঞ্জিন, কাভার ও পাম্প মেশিনসহ বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে যায়।

শ্রমিকদল নেতা আইয়ুব আলী মণ্ডল অভিযোগ করেন, চর মহেন্দ্রপুর গ্রামের রিয়াজ খানের ছেলে শরিফুল খান (৩৫) ও মোহন শেখের ছেলে মাসুদ শেখ (৩০) দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছিলেন। রোববার দুপুরে প্রশাসনের অভিযানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর জেরে তাকে ‘সোর্স’ সন্দেহ করে গভীর রাতে তার এক্সোভেটরে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, “আগুনে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছি।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, “দুপুরে প্রশাসনের অভিযান দেখেছি। রাতে আগুনের ঘটনা ঘটেছে। তবে কারা করেছে, তা নিশ্চিত নই।”

অভিযুক্ত শরিফুল খান ও মাসুদ শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, “ভেকু পোড়ানোর ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রোববার চর মহেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি ও বালু কাটার দায়ে একজনকে দুই লাখ টাকা জরিমানা এবং দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তির সঙ্গে ওই অভিযানের কোনো সম্পৃক্ততা নেই।”

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪