রিপোর্টার্স২৪ স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলে ৫০ ম্যাচ খেলা ডাচ উইঙ্গার কুইন্সি প্রোমেসকে অবশেষে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রত্যর্পণ করে দেশে ফিরিয়ে এনেছে নেদারল্যান্ডস সরকার। মাদক চোরাচালান এবং আত্মীয়কে ছুরিকাঘাতের মতো দুটি গুরুতর মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে সাড়ে সাত বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
ডাচ পুলিশ অনুরোধ করার পর দুবাইয়ে তাকে গ্রেপ্তার করে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর ডাচ বিচার বিভাগের ব্যবস্থাপনায় একটি বিশেষ ফ্লাইটে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। কুইন্সি প্রোমেস এখন ডাচ কারা কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন। তবে তিনি কোন কারাগারে থাকবেন, তা এখনও নির্ধারিত হয়নি বলে জানিয়েছে বিবিসি।
৩৩ বছর বয়সী এই ফুটবলার ২০২০ সালে বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দর ব্যবহার করে এক টনেরও বেশি কোকেন নেদারল্যান্ডসে পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণ মেলে। এ ঘটনায় গত বছর ফেব্রুয়ারিতে ডাচ আদালত তাকে ছয় বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি, ২০২০ সালের জুলাইয়ে এক পারিবারিক পার্টিতে নিজের এক আত্মীয়কে ছুরিকাঘাত করার মামলায় প্রোমেসকে আরও ১৮ মাসের জেল ও জরিমানার আদেশ দেন আদালত।
ব্রাজিলীয় সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ এর তথ্যমতে, কুইন্সি প্রোমেস ব্রাজিল থেকে ১,৩৬৩ কেজি কোকেন পাচারে যুক্ত ছিলেন। ওই বছর জানুয়ারিতে অ্যান্টওয়ার্প বন্দরের মাধ্যমেই এই বিপুল পরিমাণ মাদক ইউরোপে পৌঁছে দেওয়া হয়। যদিও প্রোমেস তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন এবং আপিলের মাধ্যমে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
ফুটবলার হিসেবে কুইন্সির ক্যারিয়ার শুরু হয় ২০১১ সালে ডাচ ক্লাব টুয়েন্টের হয়ে। এরপর রাশিয়ার স্পার্তাক মস্কো, স্পেনের সেভিয়া ও নেদারল্যান্ডসের শীর্ষ ক্লাব আয়াক্সে খেলার পর তিনি আবারও স্পার্তাক মস্কোয় ফেরেন। সর্বশেষ ২০২৩ সালে যোগ দেন দুবাই ইউনাইটেডে।
জাতীয় দলের হয়ে প্রোমেসের অভিষেক ২০১৪ সালে। তবে ২০২১ ইউরোতে শেষ ষোলোতে চেক প্রজাতন্ত্রের কাছে হারের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পাননি তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম