জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কয়তাহার গ্রামে লিচুবোঝাই একটি ইজিপাওয়ার উল্টে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঈদের আনন্দে ঘরে ফেরার আগেই এই দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়দের ভাষ্য, অতিরিক্ত ঘুমভাবের কারণে ওই ব্যক্তি নিজের কোমরে গামছা বেঁধে ইজিপাওয়ারের বডির সঙ্গে আটকে রেখেছিলেন। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গেলে অন্য দুইজন ছিটকে প্রাণে বাঁচলেও তিনি বের হতে পারেননি। কয়েক গজ পর্যন্ত ইজিপাওয়ার ছেঁচড়ে যাওয়ায় মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৮ বছর। তিনি জয়পুরহাটের ফিসকারঘাট এলাকার একজন ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে এখনো তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঈদের মাত্র দুই দিন আগে পরিবারের অজান্তেই নিথর দেহ পড়ে আছে হাসপাতালের বেডে।
একদিকে ঈদের প্রস্তুতি, অন্যদিকে এক পরিবারের অজানা কান্না। আনন্দের উৎসবের আগে এমন মৃত্যু যেন আরেকবার মনে করিয়ে দিল, এক মুহূর্তের অসতর্কতাই কেড়ে নিতে পারে একটি জীবনের সব স্বপ্ন।