| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০৩০ বিশ্বকাপেও রোনালদোকে দেখা যেতে পারে: মার্টিনেজ

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ০২:০০:২০:পূর্বাহ্ন  |  ১৯০ বার পঠিত
২০৩০ বিশ্বকাপেও রোনালদোকে দেখা যেতে পারে: মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ৪১ বছর বয়সেও নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। ২০২৬ বিশ্বকাপে ষষ্ঠবারের মতো খেলার প্রস্তুতি নেওয়া এই পর্তুগিজ ফরোয়ার্ডের ২০৩০ আসরেও খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ।

সম্প্রতি স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা সের-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মার্টিনেজ বলেন, এ নিয়ে কারও মনে কোনো সন্দেহ থাকা উচিত নয়। তার মতে, কঠোর পরিশ্রম ও যোগ্যতার কারণেই রোনালদো এই অবস্থানে পৌঁছেছেন।

মার্টিনেজ আরও বলেন, পর্তুগালের তরুণ ফুটবলারদের জন্য রোনালদো একজন আদর্শ উদাহরণ। তার লড়াকু মানসিকতা, পেশাদারত্ব ও সাফল্যের ক্ষুধা নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগায়।

পর্তুগিজ মহাতারকার প্রশংসা করে মার্টিনেজ বলেন, রোনালদো কেবল ট্রফি বা ব্যক্তিগত পুরস্কারের জন্য মাঠে নামেন না; বরং তার ভেতরের জয়ের তীব্র আকাঙ্ক্ষাই তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। ক্যারিয়ারে যা-ই অর্জন করুক না কেন, পরদিনই তিনি আরও উন্নতির জন্য প্রস্তুত থাকেন।

রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারের পেছনে তার কঠোর অনুশীলন, শৃঙ্খলা এবং ইস্পাতকঠিন মানসিকতাকে বড় কারণ হিসেবে উল্লেখ করেন পর্তুগাল কোচ। একই সঙ্গে তিনি বলেন, রোনালদোর শারীরিক সক্ষমতা এখনো তরুণ ফুটবলারের মতোই ফিট।

উল্লেখ্য, ২০০৩ সালে ১৮ বছর বয়সে পর্তুগাল জাতীয় দলে অভিষেক হয় ক্রিস্টিয়ানো রোনালদোর। দেশের হয়ে এখন পর্যন্ত তিনি ২২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ১৪৩টি গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ডও তার দখলে। পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার হিসেবে তার নাম ইতোমধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪