| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে মামলা, যুবদল নেতা বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ১৯:২৬:২৪:অপরাহ্ন  |  ৮৪২৩ বার পঠিত
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে মামলা, যুবদল নেতা বহিষ্কার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে গলায় ছুরি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলার পর অভিযুক্ত যুবদল নেতা আল-আমিন ছৈয়ালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লক্ষ্মীপুর জেলা শাখা তাকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন। তিনি বলেন, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আল-আমিন ছৈয়ালকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের বাসিন্দা। তিনি ২০ নম্বর চররমনী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আল-আমিনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা হয়েছে। রোববার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় অভিযুক্ত আল-আমিন বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করতেন। গত বৃহস্পতিবার রাতে গৃহবধূ ঘর থেকে বের হলে তাকে মুখ চেপে ধরে একটি সুপারি বাগানে নিয়ে গিয়ে গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত আল-আমিনের বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবা যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪