| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ১৯:৩২:৫৬:অপরাহ্ন  |  ৩৬১ বার পঠিত
শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিশু ধর্ষণ ও বলাৎকারের মতো গুরুতর অপরাধ প্রতিরোধে ব্যর্থ রাষ্ট্র কীভাবে একটি চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধে ভূমিকা রাখে—এমন প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (১ জুন) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রুমিন ফারহানা বলেন, ‘বনলতা এক্সপ্রেস’ একটি পারিবারিক চলচ্চিত্র, যা পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে দেখার উপযোগী। এমন একটি সিনেমার প্রদর্শনী কেন বন্ধ করা হলো, সে প্রশ্নের সন্তোষজনক উত্তর এখনো পাওয়া যায়নি।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশে সাংস্কৃতিক ও সামাজিক সহনশীলতার সংকট ক্রমেই প্রকট হচ্ছে। বিভিন্ন স্থানে মাজার ভাঙচুর, লাশ পোড়ানো এবং উগ্রপন্থার উত্থানের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এসব বাংলাদেশের ঐতিহ্যগত পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক। বাংলাদেশের সমাজে ধর্মীয় চর্চার পাশাপাশি সংস্কৃতি ও শিল্পচর্চাও সমানভাবে বিকশিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সংস্কৃতি চর্চার স্বাধীনতার প্রসঙ্গ তুলে রুমিন ফারহানা বলেন, সাহিত্য, সংগীত, নাটক ও চলচ্চিত্র দীর্ঘদিন ধরে দেশের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তবে বর্তমানে কিছু গোষ্ঠী বাংলাদেশকে সংকীর্ণতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক।

উল্লেখ্য, গত ৩০ মে ব্রাহ্মণবাড়িয়া শহরে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধিতা এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে প্রদর্শনী স্থগিত করা হয়। একই দিনে জেলার অন্য একটি স্থানেও চলচ্চিত্রটির প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সেন্সর বোর্ডের অনুমোদনপ্রাপ্ত একটি চলচ্চিত্রের প্রদর্শনীতে বাধা দেওয়া কেবল একটি সিনেমার বিষয় নয়; এটি সাংস্কৃতিক স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের সঙ্গেও সম্পর্কিত। তারা দেশে সংস্কৃতি চর্চার জন্য নিরাপদ ও উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন ফেরদৌস রহমান, ফাহিম মুনতাসির, ইফতিকার জাবেদ ও দূর্জয় মাহমুদ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪