কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:পূর্বাশা পরিবহনের একটি বাসের ধাক্কায় ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি পাওয়ার ট্রেলার উল্টে ৬ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে ২ জনকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১ জন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার সকালে কোটচাঁদপুরের বারমাসিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আলামিন মল্লিক বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী রকিব দফাদার জানান, রোববার সকালে কোটচাঁদপুর আমবাজার থেকে পাওয়ার ট্রেলারে করে আম সংগ্রহের উদ্দেশ্যে পাশের উপজেলা জীবননগরের হাসাদহ এলাকায় যাচ্ছিলেন তারা। পথে বারমাসিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের ট্রেলারকে সজোরে ধাক্কা দেয়। এতে চালকসহ ট্রেলারে থাকা ৬ জন সড়কে ছিটকে পড়ে আহত হন।
আহতরা হলেন আরিফ মালিতা (৩৫), আলামিন হোসেন (৩২), ইসমাইল খাঁ (৩২), ইয়াছিন (২৭), রকিব দফাদার (৪০) এবং ট্রেলারের চালক। আহতদের মধ্যে আরিফ হোসেন ও ইসমাইল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাদের যশোর হাসপাতালে রেফার করেন। অপর একজনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।
তবে দুর্ঘটনার সঙ্গে জড়িত পূর্বাশা পরিবহনের বাসটি এখনো আটক করতে পারেনি পুলিশ।
কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক জানান, এ ঘটনায় ভুক্তভোগীরা একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন