ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমার নদের দুই তীরের বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি পাকা সেতু নির্মাণের। দুই পাড়ের মানুষের যোগাযোগ, শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সেতু।
অবশেষে সেই প্রত্যাশা পূরণ হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে রায়পাড়া বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত সেতুর উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী বাজার এবং আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামসহ আশপাশের কয়েকটি এলাকার যোগাযোগ সহজ করতে নির্মিত রায়পাড়া-শাহমল্লিকদী শহিদুল ইসলাম (দুলাল) সেতুর উদ্বোধনে এলাকাজুড়ে আনন্দের আমেজ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ভাঙ্গা পৌরসভা, আলগী ইউনিয়ন ও চুমুরদী ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাবে। সেতুটি চালু হওয়ায় কৃষিপণ্য পরিবহন, রোগীদের চিকিৎসাসেবা গ্রহণ, শিক্ষার্থীদের বিদ্যালয়-কলেজে যাতায়াত এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজকর্ম অনেক সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।
একসময় এই নদী পারাপারের একমাত্র ভরসা ছিল খেয়া নৌকা। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে বাঁশের সাঁকো ও অস্থায়ী পুল নির্মাণ করা হলেও তা ছিল ঝুঁকিপূর্ণ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নির্মিত হয়েছে স্থায়ী পাকা সেতু।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, কুমার নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতসহ বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান করবে এই সেতু। এলাকার কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এর সুফল ভোগ করবেন।
তিনি আরও বলেন, ফরিদপুর-ভাঙ্গা সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ শিগগিরই শুরু হবে। পাশাপাশি গোয়ালন্দ থেকে ভাঙ্গার তারাইল পর্যন্ত সড়কের বিভিন্ন সেতু ও কালভার্ট নির্মাণকাজ চলমান রয়েছে। ভাঙ্গার পুকুরিয়ায় একটি দৃষ্টিনন্দন ইন্টারসেকশন নির্মাণ করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অনিয়মের কোনো স্থান নেই। এ বিষয়ে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
ফজলে ছোবাহান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্যা, বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জালাল। এতে ভাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন: ভাঙ্গার রায়পাড়া-শাহমল্লিকদী শহিদুল ইসলাম (দুলাল) সেতুর উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
রিপোর্টার্স২৪/এসএন