লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পৃথক অভিযানে দুটি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ জুন) জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও কার্তুজ উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী গ্রামের চুনু কাজী বাড়ির একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়। অস্ত্রটি থানায় জব্দ রাখা হয়েছে এবং এর উৎস ও মালিকানা শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
এর এক ঘণ্টা পর একই ইউনিয়নের মটবী গ্রামের মন্ত্রী পাটোয়ারী বাড়ির সামনের সড়কে চন্দ্রগঞ্জ থানা পুলিশ একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের দেহ তল্লাশি করা হলে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামের মৃত ছায়েদুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (২৮) এবং চন্দ্রগঞ্জ থানার কুশাখালী ইউনিয়নের ফরাশগঞ্জ গ্রামের আবুল কালামের ছেলে মো. সেলিম (২৫)।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, এনএসআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত ঘর থেকে একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি সেখানে কীভাবে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, চন্দ্রগঞ্জ এলাকায় পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার এবং অস্ত্রসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পৃথক দুটি ঘটনায় মোট দুটি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে।
রিপোর্টার্স২৪/এসএন