বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে যুবলীগ নেতা এখলাস গাজী হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন মাহাবুব শিকদার ওরফে মাইজে শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কুমলাই গাববুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনকে শনাক্ত করে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার সকাল ১১টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় হুমায়ুনের চায়ের দোকানে হামলার শিকার হন সাবেক যুবলীগ নেতা এখলাস গাজী। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। সোমবার বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রশিদ জানান, এ ঘটনায় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন