| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্বশুরবাড়ি যাওয়ার পথে মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলা

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ২৩:১৪:৩৩:অপরাহ্ন  |  ১৮০ বার পঠিত
শ্বশুরবাড়ি যাওয়ার পথে মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) আছরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন মুফতি আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলা পত্রিকার জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং তার গাড়িচালক সাদ্দাম হোসেন।

অভিযোগে বলা হয়েছে, হাসাদাহ বাজার এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমনসহ কয়েকজন এ হামলায় জড়িত ছিলেন।

আহত আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে মুফতি আমির হামজা একটি গাড়িতে এবং তিনি তার বোনসহ পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে আরেকটি গাড়িতে জীবননগরের উদ্দেশে রওনা হন। পথে হাসাদাহ বাজার এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির সামনে অবস্থান নেয়।

তিনি বলেন, বারবার হর্ন দেওয়ার পরও ইজিবাইকটি না সরানোয় তাদের গাড়িচালক বিষয়টি নিয়ে কথা বলতে নিচে নামেন। এ সময় ইজিবাইক চালক দুঃখ প্রকাশ করেন। তবে এর কিছুক্ষণ পরই রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে তার ওপর হামলা চালায়।

আবু বক্করের দাবি, তিনি নিজেকে মুফতি আমির হামজার শ্যালক হিসেবে পরিচয় দেওয়ার পর হামলাকারীরা আরও উত্তেজিত হয়ে ওঠে এবং তার মুখে আঘাত করে। এ সময় তার বোন গাড়ি থেকে নামলে তাকে এবং মুফতি আমির হামজাকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার খবর পেয়ে জীবননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ তার পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় থানায় অভিযোগ বা মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪