মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দীতে চুরির অভিযোগে গণপিটুনির ঘটনায় আসাদুল আরিফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার ধোলাঝাড় গ্রামের আফজাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বামুন্দী বাজারের খোকন এন্টারপ্রাইজ নামের একটি টায়ারের দোকানে ৫-৬ জনের একটি দল চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। তারা দোকান থেকে টায়ার বের করে সড়কে থাকা একটি পিকআপে তুলছিল বলে অভিযোগ রয়েছে।
দোকান মালিকের ভাই সিসিটিভি ক্যামেরায় বিষয়টি দেখতে পেয়ে সেখানে যান। এ সময় তার সঙ্গে কয়েকজনের ধস্তাধস্তি হয়। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। একপর্যায়ে দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও আসাদুল আরিফকে আটক করা হয়।
পরে স্থানীয় লোকজন তাকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন মহলের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্তের পাশাপাশি নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
রিপোর্টার্স২৪/এসএন