| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বিএনপি কর্মীর

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ০১:৫১:৫৮:পূর্বাহ্ন  |  ২৭০ বার পঠিত
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বিএনপি কর্মীর

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে রানা মিয়া (২৮) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। নিহতের স্বজনদের অভিযোগ, মহানগর জামায়াতের এক নেতার ছেলের ছুরিকাঘাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৫টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া গ্রামের গাঙ্গের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রানা মিয়া ওই এলাকার মৃত শরাফ উদ্দিনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন এবং স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অভিযুক্ত মাহিন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মফিদুল ইসলাম মাস্টারের ছেলে বলে জানা গেছে।

আহতরা হলেন আশাদ, মোফাজ্জল, শাহান, মুনসুর আলী, শাকিল ও দিনি মিয়া।

নিহতের স্বজন মাহাবুল অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করাকে কেন্দ্র করে তাদের সঙ্গে মফিদুল ইসলাম মাস্টারের পরিবারের বিরোধ চলছিল। এর জেরে সোমবার রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে মঙ্গলবার বিকেলে ৫০ থেকে ৬০ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় মাহিন ছুরি দিয়ে রানার বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, বিনা কারণে তার ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মফিদুল ইসলাম মাস্টার। তিনি দাবি করেন, এ ঘটনায় তিনি বা তার ছেলে জড়িত নন। রাজনৈতিক উদ্দেশ্যে তাদের নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪