চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির বর্তমান কমিটির নেতাদের ‘গুপ্ত জামায়াত’ ও বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ। তবে তার এ বক্তব্যকে জেলা বিএনপির নেতারা ‘ভিত্তিহীন, অযৌক্তিক ও কুরুচিপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছেন।
শনিবার (৩০ মে) চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটুহল মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্যের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বক্তব্যে হারুনুর রশিদ দাবি করেন, জেলা বিএনপির বর্তমান দায়িত্বশীল নেতাদের কেউই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে কাজ করেননি। তিনি বলেন, বর্তমান কমিটির নেতারা ‘গুপ্ত জামায়াতের সদস্য’ এবং তাদের বিষয়ে তদন্তের দাবি জানান তিনি।
এ সময় সভাস্থলে উপস্থিত কিছু নেতা-কর্মী তার বক্তব্যের বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন বলেও জানা গেছে।
অন্যদিকে জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম বলেন, বর্তমান কমিটি তারেক রহমানের নির্দেশনায় গঠিত এবং দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছে। তিনি হারুনুর রশিদের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, হারুনুর রশিদ অতীতেও দলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি আরও দাবি করেন, ২০১৮ সালের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে হারুনুর রশিদ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির অভ্যন্তরে নতুন করে উত্তেজনা ও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ বিরোধ ভবিষ্যতে দলীয় রাজনীতিতে আরও প্রভাব ফেলতে পারে।
রিপোর্টার্স২৪/বাবি