কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-রৌহা গ্রামের চকে অরক্ষিত বিদ্যুৎ লাইনের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে এ ঘটনা ঘটলে এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি ভাঙা কাঠের খুঁটির পরিবর্তে বাঁশের খুঁটি ব্যবহার করা হচ্ছিল। খুঁটিটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও তা সংস্কার বা অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বুধবার সকালে মাঠে চরতে যাওয়া ভেঙুলা গ্রামের কৃষক লিয়াকত, রমজান ও সলিমের মালিকানাধীন গরুগুলো বিদ্যুতায়িত খুঁটির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই পাঁচটি গরুর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাসিন্দা সেন্টু দ্রুত বিষয়টি টের পেয়ে চিৎকার করে আশপাশের মানুষকে সতর্ক করেন। তার তাৎক্ষণিক পদক্ষেপে আরও কয়েকটি গরুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, নিহত গরুগুলো তাদের পরিবারের অন্যতম আয়ের উৎস ছিল। একসঙ্গে পাঁচটি গরুর মৃত্যুতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা যথাযথ ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয় বাসিন্দা সেন্টু বলেন, বহুদিন ধরে আমরা ঝুঁকিপূর্ণ বাঁশ ও কাঠের খুঁটি সরিয়ে সিমেন্টের খুঁটি স্থাপনের দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগেও এমন খুঁটির কারণে মানুষ ও গবাদিপশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ আবার পাঁচটি গরু মারা গেল।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এমন দুর্ঘটনা ঘটছে। দ্রুত ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণ, সিমেন্টের খুঁটি স্থাপন এবং বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, ঘটনাটি সম্পর্কে আমি অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম তৌফিক আজম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম