কুড়িগ্রাম প্রতিনিধি: টানা পাঁচ দিন ধরে কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, রিকশা-ভ্যানচালক, কৃষিশ্রমিক ও পথচারীরা।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম ও আশপাশের এলাকায় অল্প সময়ের জন্য বৃষ্টিপাত হলেও ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। বৃষ্টি ও বজ্রপাতের কারণে জেলার উলিপুর উপজেলায় ফুটবল খেলার সময় এক কিশোরের মৃত্যু হয়েছে।
কুড়িগ্রাম ও আশপাশের এলাকায় গত পাঁচ দিনে তাপমাত্রা ৩৫ দশমিক ৫ থেকে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। বুধবারও তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, এই তাপদাহ আরও তীব্র হতে পারে। আগামী ৪ বা ৫ জুন পর্যন্ত তাপদাহ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
তাপদাহের কারণে মানুষ হাঁপিয়ে উঠছে। শহরবাসীর অনেকেই বলছেন, অতিরিক্ত গরমের কারণে তারা স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারছেন না। ছিন্নমূল ও দিনমজুর শ্রেণির মানুষ জানান, তারা সকালেই কাজের সন্ধানে বের হলেও তীব্র গরমের কারণে দীর্ঘ সময় কাজ করা সম্ভব হচ্ছে না। দুপুরের দিকে শহরের সড়কগুলো অনেকটাই ফাঁকা হয়ে যায়। গরমের কারণে পথচারীরাও প্রয়োজন ছাড়া বাইরে বের হতে চান না।
রিপোর্টার্স২৪/এসএন