| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকাত আতঙ্কে নির্ঘুম লক্ষ্মীপুরবাসী, গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ১৬:০৭:৩৬:অপরাহ্ন  |  ৩০৭ বার পঠিত
ডাকাত আতঙ্কে নির্ঘুম লক্ষ্মীপুরবাসী, গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলমান ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বুধবার (৩ জুন) দুপুরে ইউনিয়নের নতুন বেড়ির মাথা এলাকায় ‘চর রুহিতা এলাকাবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে ভুক্তভোগী ও স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানান।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, অব্যাহত ডাকাতির ঘটনায় এলাকায় চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে। ডাকাত আতঙ্কে তারা রাত জেগে এলাকায় পাহারা দিচ্ছেন। ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কার্যকর কোনো ভূমিকা নেই বলেও অভিযোগ করেন তারা। এছাড়া ডাকাতদের বিরুদ্ধে অভিযোগ করায় উল্টো নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, গত দুই মাস ধরে চর রুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় একাধিক বাড়িতে ধারাবাহিকভাবে ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে খলিল ব্যাপারীর বাড়ি, আহছান উল্লাহর বাড়ি, মোরশেদ, সাহেদ হোসেন, ইসমাইল সর্দার, মোস্তফা হায়দার কেরানি, সাহেব আলী, মৃত খোরশেদ আলম ও মোনাফ হোসেনের বাড়িসহ একাধিক পরিবার ডাকাতির শিকার হয়েছে বলে দাবি করেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, ডাকাতদল গভীর রাতে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। বাধা দিতে গেলে ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করছে। তাদের অভিযোগ, এসব ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ ডাকাতির মামলা হিসেবে গ্রহণ না করে চুরির মামলা হিসেবে গ্রহণ করছে।

এছাড়া চিহ্নিত কয়েকজন আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় তারা প্রকাশ্যে ভুক্তভোগীদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। এতে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত ডাকাতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারের দাবি জানান বিক্ষোভকারীরা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪