| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরের ইসলামপুরে দশআনী নদীভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ১৭:০৫:৩১:অপরাহ্ন  |  ২০৪ বার পঠিত
জামালপুরের ইসলামপুরে দশআনী নদীভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে দশআনী নদীর ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া থেকে গাইবান্ধা ইউনিয়নের আগুনের চর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে নদীভাঙনের তাণ্ডব।

এলাকাবাসী জানান, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে অতীতের সরকার এ এলাকার নদীভাঙন রোধে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।

এ কারণে দশআনী নদীর গর্ভে বিলীন হয়েছে বোলাকীপাড়া-নাপিতের চর বাজার সড়কসহ অর্ধশতাধিক বসতবাড়ি এবং শত শত একর ফসলি জমি।

ফলে ইসলামপুর উপজেলার মানচিত্র থেকে শত শত একর জমি বকশীগঞ্জ উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে গেছে।

স্থানীয় লোকজন নিজেদের ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষার জন্য স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁশের আড়াআড়ি বেড়া নির্মাণ করেও ভাঙন রোধ করতে পারছেন না।

এ অঞ্চলের মানুষ দশআনী নদীর ভাঙন থেকে রক্ষার জন্য স্থানীয় সংসদ সদস্য এ.ই. সুলতান মাহমুদ বাবু এবং জামালপুর পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করেছেন।

বোলাকীপাড়া গ্রামের আব্দুল কাদের বলেন, “আমরা সারা জীবন বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবুকে ধানের শীষে ভোট দিয়েছি। কিন্তু আওয়ামী লীগের লোকজন হিংসাবশত দশআনী নদীভাঙন রোধে বোলাকীপাড়া গ্রামের মানুষের পক্ষে কোনো উদ্যোগ নেয়নি।”

গোল্লা মিয়া বলেন, “আমার বাড়িটি নদীভাঙন থেকে রক্ষার জন্য নিজের টাকায় বাঁশের পাইলিং করেছিলাম। কিন্তু শেষ রক্ষা হয়নি।”

গোয়ালেরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আমিরুল ইসলাম বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে বঞ্চিত বোলাকীপাড়া গ্রামের মানুষের দিকে বর্তমান সরকার ও স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু সুদৃষ্টি রাখবেন—এটাই এলাকাবাসীর প্রত্যাশা।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪