| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্তিত্বহীন মসজিদের নামে সরকারী বরাদ্দ, বিএনপি নেতাকে শোকজ

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ২১:২৩:২৬:অপরাহ্ন  |  ২১৬ বার পঠিত
অস্তিত্বহীন মসজিদের নামে সরকারী বরাদ্দ, বিএনপি নেতাকে শোকজ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে সরকারি উন্নয়ন বরাদ্দ পাওয়ার জন্য জনস্বার্থহীন ও অস্তিত্বহীন ধর্মীয় প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করার অভিযোগে নুর হোসেন চৌধুরী আরজু নামে এক বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী ৭ জুনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। শোকজপ্রাপ্ত ওই নেতা সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন বিএনপির সভাপতি।

শোকজপত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের বরাদ্দ কর্মসূচির আওতায় বিভিন্ন মসজিদের নামে আবেদন করা হয়। বরাদ্দ পাওয়ার জন্য ‘নুরনবী চৌধুরী জামে মসজিদ’ নামে একটি প্রতিষ্ঠান তালিকাভুক্ত করেন বিএনপি নেতা আরজু। এর বিপরীতে ৩ লাখ টাকা বরাদ্দও আসে। তালিকা প্রকাশের পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে কোনো জামে মসজিদ বা পাঞ্জেগানা মসজিদের অস্তিত্ব নেই। পুকুরে গোসল শেষে স্থানীয় কিছু মানুষ একটি মাচার মতো স্থানে নামাজ আদায় করেন। এ ঘটনার মাধ্যমে দলের ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলা ক্ষুণ্ন হয়েছে বলে শোকজপত্রে উল্লেখ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক চররুহিতা ইউনিয়ন বিএনপির এক নেতা জানান, আরজু তার বাবা নুরনবী চৌধুরীর নামে ভুয়া তালিকা দিয়ে বরাদ্দ এনেছেন। একইভাবে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালুর রহিম মানিকও তার বাবা তাজল ইসলাম ভূঁইয়ার নামে একটি মসজিদের তালিকা দিয়ে বরাদ্দ এনেছেন, যার কোনো অস্তিত্ব এলাকায় নেই বলে অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে চররুহিতা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন চৌধুরী আরজু বলেন, “আমার মসজিদ আছে, ইমাম ও মুয়াজ্জিন আছেন। আমি ইমামকে বেতনও দিই। কী কারণে আমাকে শোকজ করা হয়েছে, তা যারা শোকজ করেছেন তারাই ভালো বলতে পারবেন। বিএনপি নেতা মানিকের বাবার নামেও মসজিদ রয়েছে।”

সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটোয়ারী বলেন, “ঘটনাটি দুঃখজনক। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই নুর হোসেন চৌধুরী আরজুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪