| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যৌতুকের দাবিতে নারীর পেটে লাথি, গর্ভস্থ শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ২১:৩৫:৪২:অপরাহ্ন  |  ২৪৫ বার পঠিত
যৌতুকের দাবিতে নারীর পেটে লাথি, গর্ভস্থ শিশুর মৃত্যু

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে যৌতুক না পেয়ে মারধর ও লাথি মেরে স্ত্রীর গর্ভের সাত মাসের সন্তান নষ্ট করার অভিযোগ উঠেছে স্বামী বিপ্লবের (২৪) বিরুদ্ধে।

বুধবার (৩ জুন) এ ঘটনায় স্ত্রী মোছা. শিখা খাতুন (১৮) বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের সাহাবুলের ছেলে বিপ্লবের সঙ্গে একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে শিখা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিপ্লব বিভিন্ন সময়ে স্ত্রীর কাছে যৌতুক হিসেবে নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন দাবি করে আসছিল। এসব দাবি পূরণ না হওয়ায় শিখার ওপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালাত বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার (২ জুন) রাত প্রায় ১০টার দিকে বিপ্লব বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। একপর্যায়ে সে এক লাখ টাকা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন দাবি করে। এ সময় শিখা খাতুন জানায়, তার বাবা একজন দরিদ্র মানুষ এবং এত টাকা বা মূল্যবান জিনিসপত্র দেওয়া সম্ভব নয়। এ কথা শুনে ক্ষিপ্ত হয়ে বিপ্লব স্ত্রীকে বেধড়ক মারধর করে এবং তার পেটে জোরে লাথি মারে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার গর্ভে থাকা সাত মাসের সন্তান গর্ভপাত হয়।

ভুক্তভোগী শিখা খাতুন বলেন, “আমার স্বামী আমার বাবার আর্থিক অবস্থা জেনেশুনেই আমাকে বিয়ে করেছে। কিন্তু বিয়ের পর থেকেই টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেলের জন্য চাপ দিতে থাকে। দাবি পূরণ করতে না পারায় আমাকে প্রায়ই মারধর করত। ঘটনার দিন পেটে লাথি মারার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। হাসপাতালে নেওয়ার পর জানতে পারি, আমার সাত মাসের সন্তান আর বেঁচে নেই।”

তবে অভিযুক্ত বিপ্লবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান সেখ বলেন, “এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যৌতুকের দাবিতে এমন নির্মম নির্যাতনের ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪