লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মিথ্যা মামলায় কারাগারে থাকা বিএনপি নেতা জহির উদ্দিনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (৪ জুন) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
কারাগারে আটক জহির উদ্দিন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও একজন ডেইরি ফার্ম ব্যবসায়ী।
মানববন্ধনে বক্তারা বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জহির উদ্দিনের প্রতিবেশীদের মারধর করেন আফতাব উদ্দিন ও তার সহযোগীরা। মারধর ও এক নারীর শ্লীলতাহানির একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় জহির উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এরপরও তাকে আসামি করে মামলা করা হয়েছে বলে দাবি করেন বক্তারা।
তারা বলেন, ওই মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন জহির উদ্দিন। প্রশাসনের কাছে তারা ঘটনার সরেজমিন তদন্ত করে তার মুক্তির দাবি জানান। তাদের ভাষ্য, জহির উদ্দিন নির্দোষ এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
বক্তারা আরও অভিযোগ করেন, আফতাব উদ্দিন ও তার ভাই মাহতাব উদ্দিন এলাকায় ভূমিদস্যু ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তাদের প্রভাবের কারণে নিরপেক্ষ বিচার ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তারা। একই সঙ্গে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ বন্ধ এবং জহির উদ্দিনের মুক্তির দাবি জানান মানববন্ধনকারীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. মামুন, বিএনপি নেতা মো. রুবেল, জহির উদ্দিনের ভাই মো. আলিম উদ্দিন, ছেলে মো. নাঈম, মেয়ে জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল মাওয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রিপোর্টার্স২৪/এসএন