| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে সাড়ে তিনশ মুরগি হত্যা

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৬ ইং | ১৫:৩১:৪৯:অপরাহ্ন  |  ২১৮ বার পঠিত
কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে সাড়ে তিনশ মুরগি হত্যা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় একটি লেয়ার মুরগির পোল্ট্রি ফার্মের পানির ট্যাংকে বিষ প্রয়োগ করে সাড়ে তিনশ মুরগি হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারি মো. ইকবাল হোসেন কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত মঙ্গলবার (২ জুন) উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে ফার্মের মুরগির বিষ্ঠা পরিষ্কার করার পর খাবার ও পানি সরবরাহ করা হয়। একপর্যায়ে ট্যাংক থেকে সরবরাহকৃত পানিতে বিষের গন্ধ পান ফার্মে কর্মরত শ্রমিকরা। ফার্মে থাকা ৯ হাজার মুরগির মধ্যে বিষমিশ্রিত পানি পান করার কিছুক্ষণের মধ্যেই ৩০টি মুরগি মারা যায়। এছাড়া বাকি মুরগিগুলোর অবস্থাও আশঙ্কাজনক হয়ে পড়ে।

ঘটনার পর খামারি ইকবাল হোসেন কয়েকটি মৃত মুরগি নিয়ে উপজেলা ভেটেরিনারি হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পর্যবেক্ষণে জানান, মুরগিগুলো বিষক্রিয়ায় মারা গেছে।

পরবর্তীতে মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত আরও ১৬০টি মুরগি মারা যায়। পরে বুধবার সন্ধ্যা পর্যন্ত আরও ১৭০টি মুরগির মৃত্যু হয়। সব মিলিয়ে সাড়ে তিনশ মুরগি মারা যায়। মৃত মুরগিগুলো থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে শ্রমিকরা সেগুলো মাটিতে পুঁতে ফেলেন।

ক্ষতিগ্রস্ত খামারি মো. ইকবাল হোসেন বলেন, “আমার ফার্মের সাড়ে তিনশ মুরগি পানিতে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে। এতে আমার তিন লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে আশা করছি।”

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “খামারি যে মৃত মুরগি ও পানির নমুনা নিয়ে এসেছিলেন, প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে পানিতে বিষ প্রয়োগের কারণেই মুরগিগুলো মারা গেছে। এছাড়া পানির ট্যাংক থেকে একটি বিষের বোতলও উদ্ধার করা হয়েছে। তাকে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা পুনরায় খামার পরিদর্শন করব এবং বাকি মুরগিগুলোকে সুস্থ রাখার বিষয়ে পরামর্শ দিয়েছি।”

তদন্তের দায়িত্বপ্রাপ্ত এসআই তারিকুল ইসলাম জানান, খামারি লিখিত অভিযোগ করেছেন। দাপ্তরিক ব্যস্ততার কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যেতে না পারলেও দ্রুত সরেজমিন তদন্ত করা হবে।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহমদ বলেন, “অভিযোগের কপি এখনো আমার হাতে পৌঁছায়নি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪