| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৬ ইং | ১৮:৩১:২১:অপরাহ্ন  |  ২৭৭ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় মশার কয়েল ধরাতে গিয়ে গ্যাস লাইটার ও মোটরসাইকেল বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ বানু বেগম (৪৫) মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত বানু বেগম ঠাকুরগাঁও সদর উপজেলার ৮ নম্বর রহিমানপুর ইউনিয়নের রহিমানপুর (পশ্চিমপাড়া) গ্রামের মো. আকবর আলীর স্ত্রী।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঘরের ভেতরে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় কয়েল ধরাতে যান বানু বেগম। এ সময় তাঁর হাতে থাকা গ্যাস লাইটারটি হঠাৎ বিস্ফোরিত হয়ে পরনের কাপড়ে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ঘরের ভেতরে থাকা একটি মোটরসাইকেলে ছড়িয়ে পড়লে সেটিও বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর দগ্ধ হন।

বানু বেগমের চিৎকার শুনে তাঁর স্বামী আকবর আলী এবং দুই ছেলে মো. গোলাম রাব্বী ও গোলাম রব্বানী ছুটে এসে পানি দিয়ে আগুন নেভান। পরে ভোর ৫টার দিকে তাঁকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ওই দিনই সন্ধ্যা পৌনে ৮টায় তাঁকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর থানায় মায়ের মৃত্যুর বিষয়ে একটি লিখিত তথ্য দেন নিহত গৃহবধূর বড় ছেলে মো. গোলাম রাব্বী (২২)। আবেদনে তিনি উল্লেখ করেন, এটি একটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত মৃত্যু। এ ঘটনায় তাঁদের পরিবারের কোনো অভিযোগ বা আপত্তি নেই।

জানতে চাইলে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, “অসাবধানতাবশত মশার কয়েল ধরাতে গিয়ে গ্যাস লাইটার এবং পরে মোটরসাইকেল বিস্ফোরণে এক নারীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত আবেদন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪