আপডেট টাইম:
জুন ০৪, ২০২৬ ইং | ১৮:৩৬:১৯:অপরাহ্ন | ২৬৩ বার পঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ মো. আল আমিন ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার দুপুরে সিরাজউদ্দৌলা রোডের হেডসের মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার আল আমিন ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা গ্রামের মো. রিয়াজুল ইসলামের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দ করা মোটরসাইকেল ও মুঠোফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও-এর একটি বিশেষ দল সরকারপাড়া এলাকার সিরাজউদ্দৌলা রোডের হেডসের মোড়ের পশ্চিম পাশে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি লাল-কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল আটক করা হয়। পরে চালক আল আমিন ইসলামের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে চারটি নীল রঙের জিপারযুক্ত প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করা হয়। সেগুলো থেকে মোট ৭০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার ওজন ৭০ গ্রাম।
অভিযানে নেতৃত্ব দেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ জানান, ঘটনাস্থল থেকে ইয়াবা ছাড়াও মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল ও আসামির ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাদী হয়ে গ্রেপ্তার আল আমিন ইসলামের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।