| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ০৬:১৯:৪২:পূর্বাহ্ন  |  ৩৬৬ বার পঠিত
টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলার সীমান্তবর্তী দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কালাম তালুকদার (৬৫) নামে এক ব্যক্তি নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় ভূঞাপুর উপজেলার জগৎপুরা এবং গোপালপুর উপজেলার গুলপেঁচা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাম তালুকদার জগৎপুরা গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে গুলপেঁচা গ্রামের বাসিন্দা আব্দুল আলিম ফকির নিজ বাড়ির পাশের কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় পূর্বের বিরোধের জেরে জগৎপুরা গ্রামের কয়েকজন তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

স্থানীয়দের দাবি, আব্দুল আলিম ফকিরকে মারধর করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে হেমনগর তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ শুরু হলে গুরুতর আহত হন কালাম তালুকদার। পরে তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সন্ধ্যায় দুর্বৃত্তরা আব্দুল আলিম ফকির ও তার দুই ভাইয়ের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসলাম উদ্দিন জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় প্রায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪