| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খানজাহান আলীর মাজারের রহস্যময় গুহা নিয়ে গবেষণার দাবি

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ১২:২৫:১৭:অপরাহ্ন  |  ৪৩৮৭৪২ বার পঠিত
খানজাহান আলীর মাজারের রহস্যময় গুহা নিয়ে গবেষণার দাবি

বাগেরহাট প্রতিনিধি: ঐতিহাসিক বাগেরহাটের হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা জনশ্রুতি ও লোককাহিনি প্রচলিত রয়েছে। এর মধ্যে মাজার প্রাঙ্গণে অবস্থিত একটি বন্ধ গুহা, কয়েকটি শালিক পাখির সমাধি এবং সংরক্ষিত দুটি প্রাচীন পাথর স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীদের মধ্যে বিশেষ কৌতূহলের সৃষ্টি করেছে।

স্থানীয় ইতিহাসপ্রেমী ও গবেষকদের মতে, রহস্যময় ওই গুহা নিয়ে বৈজ্ঞানিক ও প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান চালানো হলে মধ্যযুগীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেক তথ্য উন্মোচিত হতে পারে।

মাজারের খাদেমদের ভাষ্য অনুযায়ী, প্রায় সাড়ে ছয়শ বছর আগে হযরত খানজাহান আলী (রহ.) এ অঞ্চলে ধর্মীয় প্রচার, জনকল্যাণমূলক কার্যক্রম এবং বিভিন্ন স্থাপনা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সঙ্গে আগত অনুসারীদের অনেকের কবর মাজার এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে বলে জানা যায়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, তাঁর সঙ্গে কয়েকটি শালিক পাখিও ছিল, যাদের স্মৃতিকে ঘিরেই শালিক পাখির সমাধি রয়েছে বলে জনশ্রুতি প্রচলিত।

মাজারের উত্তর দিকে অবস্থিত বন্ধ গুহাটি দীর্ঘদিন ধরে রহস্যের কেন্দ্রবিন্দু। স্থানীয়দের মধ্যে প্রচলিত ধারণা অনুযায়ী, খানজাহান আলী (রহ.) নির্জনে ইবাদত, ধ্যান ও আধ্যাত্মিক সাধনার জন্য গুহাটি ব্যবহার করতেন। পরবর্তীতে কোনো এক সময় এর প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে সেখানে দুটি প্রাচীন পাথর সংরক্ষিত রয়েছে, যা ঘিরে দর্শনার্থীদের মধ্যে আলাদা আকর্ষণ ও শ্রদ্ধাবোধ দেখা যায়।

প্রতিদিন দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য দর্শনার্থী মাজার এলাকায় আসেন। অনেকে সেখানে দোয়া-প্রার্থনা করেন এবং মানতের অংশ হিসেবে বিভিন্ন উপকরণ নিবেদন করেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের এই প্রথা মাজারের ঐতিহ্যের অংশে পরিণত হয়েছে।

ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা মনে করেন, গুহাটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান চালানো হলে ওই সময়কার সমাজ, সংস্কৃতি ও জীবনযাত্রা সম্পর্কে নতুন তথ্য পাওয়া সম্ভব।

স্থানীয় ইতিহাস গবেষকরাও বলছেন, খানজাহান আলী (রহ.)-কে ঘিরে প্রচলিত বহু লোককাহিনির বৈজ্ঞানিক যাচাই এখনো হয়নি। আধুনিক গবেষণার মাধ্যমে এসব তথ্য বিশ্লেষণ করা গেলে বাগেরহাটের ইতিহাসের অজানা অনেক অধ্যায় উন্মোচিত হতে পারে।

এদিকে বাগেরহাট খানজাহান আলী (রহ.) মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম বলেন, আমাদের জানা অনুযায়ী এটি মূলত একটি গর্ত। তবে এটিকে ঘিরে নানা জনশ্রুতি ও লোককাহিনি প্রচলিত রয়েছে। প্রকৃত ইতিহাস বা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা নেই। বিষয়টি নিয়ে গবেষণা হলে প্রকৃত সত্য উদঘাটন সম্ভব হতে পারে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪