স্পোর্টস ডেস্ক: চোট কাটিয়ে মাঠে ফিরেই নিজের উপস্থিতি জানান দিলেন লিওনেল মেসি। আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে বদলি হিসেবে নামার দুই মিনিটেরও কম সময়ের মধ্যে গোলের দেখা পান তিনি।
বিশ্বকাপের আগে ফিটনেস নিয়ে থাকা সব সংশয় দূর করার পাশাপাশি প্রায় ৭০ বছরের পুরোনো এক রেকর্ডও ভেঙেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের ৬৯ মিনিট ৪ সেকেন্ডে জুলিয়ানো সিমিওনের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। এটি ছিল আর্জেন্টিনার জার্সিতে তার ১৯৯তম ম্যাচ। মাঠে নামার পর প্রভাব ফেলতে তার সময় লাগে মাত্র ৫৩ সেকেন্ড।
দারুণ এক পাসে লাউতারো মার্তিনেসকে খুঁজে পান তিনি। শট নেওয়ার সময় ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হন লাউতারো। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
২০১৮ রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন মেসি। এবার সেই স্মৃতি পেছনে ফেলে নর্ডিক দলটির বিপক্ষে স্পটকিক থেকে গোল করেন তিনি। ওলাফসনকে পরাস্ত করতে জোরালো ক্রস শট নেন আর্জেন্টাইন তারকা। ৭১ মিনিট ৩ সেকেন্ডে করা গোলটি আর্জেন্টিনাকে এনে দেয় ২-০ ব্যবধানের লিড।
আর্জেন্টিনার হয়ে এটি মেসির ১১৭তম গোল। এই গোলের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। ৩৮ বছর ১১ মাস ১৮ দিন বয়সে গোল করে ছাড়িয়ে গেছেন অ্যাঞ্জেল লাব্রুনাকে।
প্রায় ৭০ বছর ধরে রেকর্ডটি ছিল লাব্রুনার দখলে। ১৯৫৭ সালে রোকা কাপে ব্রাজিলের বিপক্ষে ৩৮ বছর ৯ মাস ১০ দিন বয়সে গোল করেছিলেন আর্জেন্টিনার সাবেক এই ফুটবলার, যিনি ‘দ্য আগলি ওয়ান’ নামেও পরিচিত ছিলেন।
গত ২৪ মে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে চোট পেয়েছিলেন মেসি। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগায় এরপর মাঠের বাইরে ছিলেন তিনি। তবে চোট গুরুতর না হওয়ায় ষষ্ঠ বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে বড় কোনো শঙ্কা তৈরি হয়নি। আইসল্যান্ডের বিপক্ষে ফেরার ম্যাচেই গোল করে বিশ্বকাপের আগে নিজের প্রস্তুতির বার্তাও দিয়ে রাখলেন আর্জেন্টাইন অধিনায়ক।
রিপোর্টার্স২৪/ধ্রুব