| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেক্সিকোর জমকালো উদ্বোধনী আয়োজনে মঞ্চ মাতাবেন শাকিরা ও বার্না বয়

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ১৫:২২:১৭:অপরাহ্ন  |  ২৭৪ বার পঠিত
মেক্সিকোর জমকালো উদ্বোধনী আয়োজনে মঞ্চ মাতাবেন শাকিরা ও বার্না বয়
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিশ্বজুড়ে বাড়ছে উন্মাদনা। সেই উন্মাদনায় সুরের রঙ ছড়িয়ে দিতে আবারও কলম্বিয়ান পপ তারকা শাকিরার ওপর আস্থা রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম হিসেবে প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘দাই দাই’। নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়ের সঙ্গে যৌথভাবে গাওয়া এই গানে ল্যাটিন পপ ও আফ্রোবিটসের মেলবন্ধন ঘটেছে।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত ১৮টি গানের অফিশিয়াল মিউজিক অ্যালবামের অন্যতম আকর্ষণ এই গান। অ্যালবামে শাকিরা ও বার্না বয়ের পাশাপাশি স্থান পেয়েছেন কিংবদন্তি রক ব্যান্ড ‘দ্য রোলিং স্টোন্স’, ইলেকট্রনিক ড্যান্স মিউজিক গ্রুপ ‘মেজর লেজার’ এবং ল্যাটিন রেগেটন তারকা ড্যাডি ইয়াঙ্কির মতো বিশ্বখ্যাত শিল্পীরা।

মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির ঐতিহ্য ও সংস্কৃতিকেই প্রধান আকর্ষণ হিসেবে তুলে ধরা হবে। ফিফার পরিকল্পনা অনুযায়ী, মেক্সিকোর লোকজ সংস্কৃতি, ঐতিহ্যবাহী নৃত্য এবং লোকশিল্পকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে মঞ্চে তুলে ধরবেন দেশটির আদিবাসী ও ফোকলোর শিল্পীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া শিল্পীদের তালিকায় রয়েছেন শাকিরা, বার্না বয়, জে বালভিন, টাইলা, ড্যানি ওশান, মেক্সিকান পপ-রক ব্যান্ড মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, লিলা ডাউনস এবং মেক্সিকান কুম্বিয়া গ্রুপ লস অ্যাঞ্জেলেস আজুলিস।

ফিফার আশা, মেক্সিকান ঐতিহ্যবাহী সুরের সঙ্গে আন্তর্জাতিক পপ, হিপ-হপ ও আফ্রোবিটসের এই বৈচিত্র্যময় মেলবন্ধন ফুটবলপ্রেমীদের জন্য স্মরণীয় এক অভিজ্ঞতা হয়ে থাকবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪