স্পোর্টস ডেস্ক: আবারও ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে বিশ্ব। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠেছে সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে।
মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ৩৯ দিনের এই মহাযজ্ঞ। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশ্বখ্যাত কলম্বিয়ান শিল্পী শাকিরা। এছাড়া জে বালভিন ও দক্ষিণ আফ্রিকার গায়িকা টাইলাও অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রেফারির বাঁশিতে শুরু হয় ম্যাচ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা মেক্সিকো নবম মিনিটেই এগিয়ে যায়। ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি করেন স্বাগতিকদের ফরোয়ার্ড হুলিয়ান কিনিওনেস।
প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা মেক্সিকো দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ায়। ম্যাচের ৬৭তম মিনিটে রাউল হিমেনেস গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন। শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে জয় নিশ্চিত করে এল ত্রি।
ম্যাচের শেষ দিকে দুই খেলোয়াড় লাল কার্ড দেখায় নয়জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। সংখ্যাগত সুবিধা নিয়ে শেষ বাঁশি পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে মেক্সিকো।
জয়ের মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করল স্বাগতিকরা। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে হার দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে হলো দক্ষিণ আফ্রিকাকে।