| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ম্যাকগিনের গোলে স্কটল্যান্ডের জয়, লড়েও হারল হাইতি

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৬ ইং | ০৯:৩৬:৪১:পূর্বাহ্ন  |  ৫৫৯৪ বার পঠিত
ম্যাকগিনের গোলে স্কটল্যান্ডের জয়, লড়েও হারল হাইতি

স্পোর্টস ডেস্ক: ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে জয় দিয়ে মিশন শুরু করেছে স্কটল্যান্ড। তবে হারলেও দারুণ লড়াই উপহার দিয়েছে ৫২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফেরা হাইতি। ‘সি’ গ্রুপের ম্যাচে জন ম্যাকগিনের একমাত্র গোলে হাইতিকে ১-০ ব্যবধানে হারিয়েছে স্কটিশরা।

রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। বল দখল, পাসিং ও আক্রমণের সংখ্যায় ম্যাচটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয় ম্যাকগিনের গোল।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই আক্রমণে ওঠে স্কটল্যান্ড। ডান দিক দিয়ে বেন ডক এগিয়ে গিয়ে শট নিলেও সহজেই বল নিয়ন্ত্রণে নেন হাইতির গোলরক্ষক। তিন মিনিট পর ম্যাচে নিজেদের প্রথম আক্রমণ শানায় হাইতি। ডিডসন লউইসিয়ুস দূরপাল্লার শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।

১৭তম মিনিটে গোলের খুব কাছে পৌঁছে যায় স্কটল্যান্ড। বেন ডকের পাস থেকে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন স্কট ম্যাকটমিনে। কিন্তু বল পোস্টে লেগে ফিরে এলে হতাশ হতে হয় স্কটিশ সমর্থকদের।

২১তম মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণে হাইতি স্কটল্যান্ডের রক্ষণে চাপ সৃষ্টি করে। উইলসন ইসিডোর বক্সের কাছে ফাউলের আবেদন করলেও রেফারি খেলা চালিয়ে যেতে নির্দেশ দেন।

দুই দলের সমানতালে লড়াইয়ের মধ্যেই ২৮তম মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। ডান প্রান্তে দুর্দান্ত দৌড়ে গোললাইনের কাছ থেকে বল বাড়িয়ে দেন বেন ডক। সে অ্যাডামসের প্রথম শট হাইতির গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে জন ম্যাকগিনের নেওয়া শট এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্কটল্যান্ড।

গোল হজমের পর আক্রমণের তীব্রতা আরও বাড়ায় হাইতি। ৩৪তম মিনিটে ফ্রি-কিক থেকে সুযোগ তৈরি হলেও স্কটিশ রক্ষণ তা সামলে নেয়। ৩৮তম মিনিটে চমৎকার সমন্বিত আক্রমণ গড়ে তুললেও শেষ মুহূর্তে লক্ষ্যভেদ করতে পারেনি ক্যারিবীয় দেশটি।

প্রথমার্ধের শেষ দিকে স্কটল্যান্ডও কয়েকটি সুযোগ তৈরি করে। ৪০তম মিনিটে অ্যান্ডি রবার্টসনের ফ্রি-কিক থেকে গোলের সম্ভাবনা তৈরি হলেও হাইতির ডিফেন্ডাররা দ্রুত বল ক্লিয়ার করে বিপদমুক্ত হন।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায় হাইতি। একের পর এক আক্রমণে স্কটল্যান্ডকে চাপে রাখলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি তারা। ম্যাচ শেষে পরিসংখ্যানে আক্রমণাত্মক দিক থেকে এগিয়ে ছিল হাইতিই। তারা মোট ১৩টি শট নেয়, যেখানে স্কটল্যান্ড নেয় ৮টি। উভয় দলই লক্ষ্যে রাখতে সক্ষম হয় ৩টি করে শট। বল দখল ও পাসিংয়েও ছিল সমান প্রতিদ্বন্দ্বিতা।

তবে সুযোগ কাজে লাগানোর দক্ষতায় এগিয়ে ছিল স্কটল্যান্ড। জন ম্যাকগিনের করা একমাত্র গোলেই মূল্যবান তিন পয়েন্ট নিশ্চিত করে তারা। অন্যদিকে পরাজিত হলেও সাহসী ও আক্রমণাত্মক ফুটবল খেলে প্রশংসা কুড়িয়েছে হাইতি।

এই জয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে শুভ সূচনা করল স্কটল্যান্ড। আর হাইতির জন্য পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪