স্পোর্টস ডেস্ক: প্রায় চার দশক পর বিশ্বকাপে ফিরছে ইরাক। তবে ফুটবলের সবচেয়ে বড় আসরে প্রত্যাবর্তনের আনন্দের মাঝেই যুক্তরাষ্ট্রে পৌঁছে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে দলটি। ইরাকের প্রধান স্ট্রাইকার আয়মান হুসেইনকে শিকাগোর ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির এক ক্রীড়া কর্মকর্তা।
বার্তা সংস্থা রয়টার্সকে ওই কর্মকর্তা জানান, শনিবার (৬ জুন) ভোরে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আয়মান হুসেইনকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও ইরাক দলের অফিশিয়াল ফটোগ্রাফার তালাল সালাহকে প্রবেশাধিকার দেওয়া হয়নি। প্রায় ১০ ঘণ্টা আটকে রাখার পর তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
জাতীয় দলের ঘনিষ্ঠ ওই কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদের সময় আয়মান হুসেইন ও তালাল সালাহ—দুজনেরই মুঠোফোন পরীক্ষা করা হয়।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) কিংবা আয়মান হুসেইন। অন্যদিকে, মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বিশ্বকাপ শুরুর এক সপ্তাহেরও কম সময় আগে এমন ঘটনা ইরাক দলের প্রস্তুতিতে কিছুটা অস্বস্তি তৈরি করেছে। তবে বিমানবন্দরে সমর্থকদের উচ্ছ্বাসের কমতি ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভোরবেলাতেও জাতীয় পতাকা হাতে অসংখ্য সমর্থক দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
৩০ বছর বয়সী আয়মান হুসেইন ইরাকের আক্রমণভাগের অন্যতম ভরসা। বিশ্বকাপ বাছাইপর্বে গুরুত্বপূর্ণ গোল করে দলকে মূল পর্বে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি। ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পাওয়া ইরাকের আক্রমণভাগে তার সঙ্গে রয়েছেন ইপসউইচ টাউনের আলী আল-হামাদি, তরুণ প্রতিভা আলী জাসিম ও ইউসুফ আমিন।
আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ। ‘আই’ গ্রুপে ইরাকের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে। দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার পর বিশ্বকাপে ফেরা ইরাকের জন্য ঐতিহাসিক এই যাত্রার শুরুতেই বিমানবন্দরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি