স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে খেলতে প্রতিটি দেশকেই বাছাইপর্বের বাধা পেরোতে হলেও ওশেনিয়া অঞ্চলে নিউজিল্যান্ডের আধিপত্য তাদের জন্য বিশ্বকাপের পথ অনেকটাই সহজ করে দিয়েছে। ২০২৬ বিশ্বকাপ থেকে দলসংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হওয়ায় এই সুবিধা আরও স্পষ্ট হয়েছে।
প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপে ওশেনিয়া অঞ্চল থেকে একটি দল সরাসরি খেলার সুযোগ পেয়েছে। ২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়া এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে অংশ নেওয়ায় ওশেনিয়ায় নিউজিল্যান্ডের প্রধান প্রতিদ্বন্দ্বী কার্যত অনুপস্থিত। ফলে অঞ্চলটিতে তাদের শ্রেষ্ঠত্ব বিশ্বকাপে জায়গা পাওয়ার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দিয়েছে।
ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্বে নিউজিল্যান্ড সর্বশেষ হেরেছিল ২০০৮ সালে, ফিজির বিপক্ষে ২-০ ব্যবধানে। এরপর থেকে ৩১টি ম্যাচে তারা ২৮টিতে জয় পেয়েছে এবং বাকি তিনটি ম্যাচ ড্র করেছে। এই সময়ে দলটি ৯৯টি গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র ১১টি।
বিশ্বকাপে এর আগে মাত্র দুবার অংশ নেওয়া নিউজিল্যান্ডকে দীর্ঘদিন প্লে-অফের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। ২০১০ সালে বাহরাইনকে হারিয়ে তারা মূল পর্বে জায়গা করে নেয়। তবে ২০১৪ সালে মেক্সিকো, ২০১৮ সালে পেরু এবং ২০২২ সালে কোস্টারিকার কাছে প্লে-অফে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে যায়।
তবে ২০২৬ বিশ্বকাপ থেকে ওশেনিয়া অঞ্চলের শীর্ষ দলকে আর প্লে-অফ খেলতে হবে না। বর্তমানে ফিফা র্যাংকিংয়ের ৮৫তম স্থানে থাকা নিউজিল্যান্ডের জন্য তাই ভবিষ্যতের বিশ্বকাপগুলোতে নিয়মিত অংশগ্রহণের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়ে উঠেছে।
রিপোর্টার্স২৪/বাবি