| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপের দশম দিনে মহারণ, ডাচদের আটকাতে প্রস্তুত সুইডেন

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ১৯:৫৭:২৭:অপরাহ্ন  |  ১৫৯৫ বার পঠিত
বিশ্বকাপের দশম দিনে মহারণ, ডাচদের আটকাতে প্রস্তুত সুইডেন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বের দশম দিনে অনুষ্ঠিত হবে চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ। দিনের সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে যুক্তরাষ্ট্রের হিউস্টনে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও সুইডেন। এছাড়া জার্মানি খেলবে আইভরি কোস্টের বিপক্ষে, ইকুয়েডরের প্রতিপক্ষ কুরাসাও এবং তিউনিসিয়া মুখোমুখি হবে জাপানের।

নেদারল্যান্ডস ও সুইডেনের লড়াইয়ে এগিয়ে রাখা হচ্ছে ডাচদের। দুই দলের মধ্যে এখন পর্যন্ত ২০টি ম্যাচ হয়েছে, যেখানে সর্বশেষ দেখায় ২০১৭ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ২-০ গোলের জয় পায় নেদারল্যান্ডস। গত সাত দেখায় সুইডেন মাত্র একবার জয়ের স্বাদ পেয়েছে।

পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, এই ম্যাচে নেদারল্যান্ডসের জয়ের সম্ভাবনা ৫৫.৯ শতাংশ। সুইডেনের জয়ের সম্ভাবনা ২০.৮ শতাংশ এবং ড্রয়ের সম্ভাবনা ২৩.৩ শতাংশ।

অন্যদিকে, বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে ইকুয়েডর ও কুরাসাও। কনকাকাফ অঞ্চলের দলের বিপক্ষে ইকুয়েডর নিজেদের শেষ ১৩ ম্যাচে অপরাজিত। অপ্টার হিসাব অনুযায়ী, ম্যাচটিতে ইকুয়েডরের জয়ের সম্ভাবনা ৮৬.১ শতাংশ। কুরাসাওয়ের জয়ের সম্ভাবনা মাত্র ৪.৭ শতাংশ।

জার্মানি ও আইভরি কোস্ট এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছে। ২০০৯ সালে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। অপ্টার পূর্বাভাসে জার্মানির জয়ের সম্ভাবনা ৪৪.৪ শতাংশ, আইভরি কোস্টের ৩০ শতাংশ এবং ড্রয়ের সম্ভাবনা ২৫.৬ শতাংশ।

তিউনিসিয়ার বিপক্ষে পরিসংখ্যানের দিক থেকে স্পষ্টভাবে এগিয়ে জাপান। দুই দলের ছয় দেখায় পাঁচটিতেই জয় পেয়েছে জাপান, তিউনিসিয়ার একমাত্র জয়টি আসে ২০২২ সালের একটি প্রীতি ম্যাচে। অপ্টার সুপারকম্পিউটার জাপানের জয়ের সম্ভাবনা দেখছে ৬১.৩ শতাংশ।

এদিকে বিশ্বকাপের নবম দিনের খেলা শেষে নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তারা। পরে প্যারাগুয়ে তুরস্ককে হারানোয় গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয় যুক্তরাষ্ট্রের।

অন্য ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে নকআউটের পথে অনেকটাই এগিয়ে গেছে ব্রাজিল। ম্যাথিউস কুনহার জোড়া গোলের সঙ্গে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন ভিনিসিয়ুস জুনিয়র। 

এদিকে বিশ্বকাপের প্রথম বিদায় নিশ্চিত হয়েছে হাইতি ও তুরস্কের। অন্যদিকে মরক্কো স্কটল্যান্ডকে হারিয়ে নিজেদের গ্রুপে অবস্থান আরও শক্ত করেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪