| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ১৫:২২:৪৪:অপরাহ্ন  |  ৮১৮ বার পঠিত
ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি হকি খেলোয়াড়, জাতীয় দলের সাবেক অধিনায়ক, সফল কোচ ও ক্রীড়া সংগঠক আবদুস সাদেক আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২০ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মরহুমের জানাজার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আজ বাদ আসর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে। পরবর্তীতে দ্বিতীয় জানাজা আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত হবে।

আবদুস সাদেক শুধু হকি নয়, ফুটবল ও অন্যান্য খেলাতেও সমান পারদর্শী ছিলেন। তিনি অবিভক্ত পাকিস্তান জাতীয় হকি দলের তারকা খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করেছেন। ১৯৬৯ সালে ইউরোপ সফরে তিনি জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের বিপক্ষে খেলেন এবং সফর শেষে মিসরের বিপক্ষেও ম্যাচে অংশ নেন।

স্বাধীনতার পর তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭৩ সালে কুমিল্লা জেলা দলের অধিনায়ক হিসেবে জাতীয় হকি চ্যাম্পিয়নশিপে নেতৃত্ব দেন তিনি। পরবর্তীতে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ক্রীড়াচক্রের প্রথম ফুটবল ও হকি অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

কোচ হিসেবে তার সাফল্যও ছিল উল্লেখযোগ্য। ১৯৭৭ সালে আবাহনীর কোচ হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই ইতিহাস গড়েন তিনি। তার অধীনে দলটি পুরো লিগে অপরাজিত থাকে এবং তিনটি ড্র ছাড়া বাকি সব ম্যাচে জয় তুলে নিয়ে বাংলাদেশের ফুটবলে প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ে।

ক্রীড়া সংগঠক হিসেবেও আবদুস সাদেকের অবদান স্মরণীয়। তিনি ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার প্রচেষ্টাতেই ১৯৮৫ সালে ঢাকায় এশিয়া কাপ হকি আয়োজন সম্ভব হয়, যা দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত।

তিনি ১৯৭৭-৭৮ মৌসুমে গঠিত দেশের প্রথম জাতীয় হকি দলের অধিনায়ক ছিলেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেন। পরবর্তীতে ১৯৭৮ সালে এশিয়ান গেমসেও জাতীয় দলের নেতৃত্ব দেন তিনি।

১৯৯৬ সালে ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন।

তার মৃত্যুতে ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড় ও বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশের হকি ইতিহাসে আবদুস সাদেকের নাম এক অনন্য উচ্চতায় উচ্চারিত হবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪