ফরিদপুর প্রতিনিধি :প্রকৃতিতে এখন চলছে বর্ষাকাল। বর্ষার আগমনে কদম, রজনীগন্ধা, দোপাটি, গন্ধরাজ, বেলি, জুঁই এবং কামিনীর সঙ্গে পাল্লা দিয়ে ফুটতে শুরু করে চালতার ফুল। এ ফুল সাদা রঙের। সুরভিত এই ফুলের ব্যাস ১৫ থেকে ১৮ সেন্টিমিটার। ফুলে পাঁচটি মোটা পাপড়ি থাকে; বৃতিগুলো পাপড়িকে ঘিরে রাখে। পাপড়ির শুভ্রতা, হলুদ পরাগ ও তারকাবৃত্তির গর্ভদন্ড চালতা ফুলের মোহনীয় রূপ প্রকৃতিজুড়ে ঝিলিক তুলেছে। এতে মুগ্ধ সৌন্দর্য পিপাসুরাও। কদমের পরে বর্ষাকে চেনা যায় চালতা ফুলে।
চালতা ফুল খুবই ক্ষণস্থায়ী। ভোরবেলাতে ফোটা ফুলের পাপড়ি সন্ধ্যায় ঝরে পড়ে। তাই চালতা ফুলের প্রকৃত রূপ দেখতে হলে দুপুর হওয়ার আগেই দেখতে হবে। তাই হঠাৎ এ ফুলের দেখা পাওয়া অনেকটা আবিষ্কারের মতোই।
ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বিভিন্ন গ্রামীণ পথ, বাড়ির আঙিনা, অফিস-আদালত এলাকা এবং পুকুর-জলাশয়ের আশপাশে থাকা চালতা গাছগুলো এখন ফুলে ফুলে সেজে উঠেছে।
চালতে গাছের ডালে ডালে শোভা পাচ্ছে এই ফুল । আর তার অপরূপ দৃশ্যে মুগ্ধ করছে সবাইকে। চালতে ফুলের এই সৌন্দর্যে আকৃষ্ট হয়ে শিশুরা তাদের খেলার অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছে এই ফুলকে।
চালতা ফুলের সৌন্দর্য বাংলা সাহিত্যের কবিদেরও মুগ্ধ করেছে। কবি জীবনানন্দ দাশ তার ‘সেই দিন এই মাঠ’ কবিতায় লিখেছিলেন- ‘আমি চ’লে যাব ব’লে/ চালতা ফুল কি আর ফুটিবে না শিশিরের জ্বলে নরম গন্ধের ঢেউয়ে?’। একইভাবে কবি বিষ্ণু দে লিখেছিলেন- ‘আকাশ নীলের তারাখোচা পথে বৃষ্টি পড়ে/ চালতা ফুলে ফলের বাগান মোদির করে...’।
মূলত বর্ষা ঋতুতেই প্রকৃতি রাঙিয়ে ফোটে চালতে ফুল। চালতে ফুল সাধারণত আষাঢ় মাসে দেখা যায়।
সোমা শীল এবং সরলা বিশ্বাস নামে দুই নববধূ বলেন, চালতে ফুল জানিয়ে দেয় বর্ষাকালের আগমনী বার্তা। আমরা এই ফুল দিয়ে চুলের খোপায় পড়েছি। তাই প্রকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে এই বৃক্ষ লাগানো প্রয়োজন । তা না হলে আগমী প্রজন্ম এ বৃক্ষ অপরূপ দৃশ্যে মুগ্ধ থেকে বঞ্চিত হবে।
তুরান মোল্লা নামে এক উপসহকারী কৃষি অফিসার বলেন, চালতা শুধু টক স্বাদের জন্য নয়, পুষ্টি ও ভেষজ ওষুধিগুনে ভরপুর। চালতার আচার, চাটনি, টক ডাল অনেকরই প্রিয় খাবার।এছাড়া চালতার ফল পিষে নিয়ে লবণ-মরিচ দিয়ে মাখালে তা বেশ লোভনীয় হয় খাবার হয়। চালতা মাঝারি আকারের চিরহরিৎ বৃক্ষ বা ফল জাতীয় উদ্ভিদ।
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিপদ চক্র বর্ত্তী বলেন, মূলত বর্ষাকালে প্রকৃতিতে চালতা ফুল ফোটে। এই ফুলের সঙ্গে গ্রামবাংলার এক নিবিড় সম্পর্ক রয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের ফলে এখন অসময়েও চালতা ফুল ফুটতে দেখা যায়।
রিপোর্টার্স২৪/এম এইচ