| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলেছিলেন, সেই সচিবকে জনপ্রশাসনে ন্যস্ত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৬ ইং | ১১:৩৩:২২:পূর্বাহ্ন  |  ২২৬৪ বার পঠিত
প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলেছিলেন, সেই সচিবকে জনপ্রশাসনে ন্যস্ত

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্য করা ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১ নভেম্বর ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলকভাবে বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করেন মসিউর রহমান।

‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্লোগানটিকে হাদিস বললে অনেকে মনে করতে পারেন, পরবর্তী পোস্টিংয়ের জন্য তিনি প্রধানমন্ত্রীকে তোষামোদ করছেন। তবে তার মতে, এটি একটি শাশ্বত বাণী।

মসিউর রহমান বলেন, আমার আগে আমরা, সবার আগে দেশ এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সেই বলতে পারে, না, আমি মানি না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ। তারপরে “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।

তিনি আরও বলেন, ‘এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। তো ওনার মুখে দাড়ি নেই, টুপি পরেন না, এজন্য হাদিস হয়নি! এটা হাদিস।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগানকে ধর্মীয় হাদিসের সঙ্গে তুলনা করে দেওয়া তাঁর এই বক্তব্যের ভিডিও ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এর মধ্যেই তাকে ডিটিসিএর নির্বাহী পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার প্রজ্ঞাপন জারি করা হলো।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪