| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরু ১ আগস্ট

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৬ ইং | ১৬:৫৪:০২:অপরাহ্ন  |  ১৯৪০ বার পঠিত
ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরু ১ আগস্ট

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী ১ আগস্ট থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে সম্প্রতি জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। আবেদন গ্রহণ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

নির্দেশনা অনুযায়ী, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন এ সময়ের মধ্যে অনলাইনে গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহীরা সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট (dss.bhata.gov.bd/online-application) মাধ্যমে আবেদন করতে পারবেন।

২০২৬-২০২৭ অর্থবছরের জন্য এই কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির পাশাপাশি হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা-শ্রমিকদের জন্য ভাতা এবং শিক্ষা উপবৃত্তির আবেদনও গ্রহণ করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

আবেদন করতে হলে প্রার্থীদের নিজ নিজ স্থায়ী ঠিকানা অনুযায়ী আবেদন করতে হবে। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বর উল্লেখ করাও বাধ্যতামূলক।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, যারা ইতোমধ্যে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত সুবিধা পাচ্ছেন, তারা এ কর্মসূচির জন্য বিবেচিত হবেন না। পাশাপাশি আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যক্তিদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

নতুন আবেদন ও অপেক্ষমাণ তালিকার আবেদনগুলো যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দের প্রাপ্যতা অনুযায়ী চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে। বিদ্যমান নীতিমালা অনুসরণ করে চূড়ান্ত তালিকা অনুমোদনের পর নির্বাচিতরা ২০২৬ সালের ১ জুলাই থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য হবেন।

আবেদন ও যাচাই-বাছাই কার্যক্রমে কোনো কারিগরি সমস্যা দেখা দিলে সমাজসেবা অধিদপ্তরের টেকনিক্যাল টিম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশব্যাপী এ বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪