| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৬ ইং | ০১:৪৩:২৬:পূর্বাহ্ন  |  ৯৬২ বার পঠিত
স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

নরসিংদী প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, স্বাস্থ্যখাতে অবহেলা, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য কোনোভাবেই বরদাশত করা হবে না। জনগণকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে সরকার ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এর অংশ হিসেবে দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন, ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক সংস্কার এবং পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর উন্নয়ন করা হবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চলতি বছর থেকেই স্বাস্থ্যখাতে একটি বড় পরিবর্তনের সূচনা করতে চায় সরকার। জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে নতুন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, “এবারের বাজেট শুধু অর্থের বাজেট নয়, এটি আদর্শের বাজেট। প্রতিটি কর্মসূচি দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।”

তিনি জানান, চলতি বছরই ৫০ জন শিক্ষার্থী নিয়ে নরসিংদী মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে মেডিকেল কলেজের ক্লাস পরিচালিত হবে এবং নার্সিং ইনস্টিটিউটের কার্যক্রম চলবে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের নতুন ভবনে। মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের কাজও চলছে।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, চীনের সহযোগিতায় দেশে যে ১৮টি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে, তার একটি নরসিংদীতে স্থাপন করা হবে। এছাড়া দেশের প্রতিটি ৫০ শয্যার উপজেলা হাসপাতাল পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হবে।

তিনি আরও জানান, প্রতিটি উপজেলা হাসপাতালে ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে, যাতে গ্রামের মানুষ সহজেই এ সেবা পেতে পারেন।

বেসরকারি হাসপাতালের সেবার মান নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে নরসিংদীর সব বেসরকারি হাসপাতালে লেবার ওয়ার্ড রয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদন দিতে সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো হাসপাতাল আইন লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে।

তিনি বলেন, সম্প্রতি একটি হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় সরকার তাৎক্ষণিকভাবে হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে। এ ঘটনা থেকে সব হাসপাতালের শিক্ষা নেওয়া উচিত। একই সঙ্গে সরকারি ও বেসরকারি হাসপাতালকে দালালমুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

এ সময় নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেনসহ নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪