জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ইয়াবা ও গাঁজাসহ আটক এক দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন সামারি ট্রায়াল কোর্ট (দ্রুত বিচার আদালত)।
শনিবার (১১ জুলাই) আদালতের মাধ্যমে কর্চাডাঙ্গা গ্রামের আকের আলী মণ্ডল (৬৫) ও তার স্ত্রী ফেরুজা খাতুনকে এ সাজা দেওয়া হয়। এর আগে শুক্রবার (১০ জুলাই) বিকেলে জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, কর্চাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আকের আলী মণ্ডলের কাছ থেকে ৭টি ইয়াবা ট্যাবলেট এবং ফেরুজা খাতুনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের সামারি ট্রায়ালের জন্য আদালতে সোপর্দ করা হলে বিচারক আকের আলী মণ্ডলকে ২ বছরের কারাদণ্ড এবং ফেরুজা খাতুনকে ৬ মাসের কারাদণ্ড দেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।