স্পোর্টস ডেস্ক: স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। তবে ফাইনালের উত্তেজনার মধ্যেই আর্জেন্টিনায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজনকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির জরুরি চিকিৎসাসেবা সংস্থা (এসএএমই) জানিয়েছে, নিহতদের একজনের বয়স ৬৭ এবং অন্যজনের বয়স ৮৮ বছর।
প্রথম ঘটনাটি ঘটে বুয়েনস এইরেসের মনসেরাত এলাকায়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নিজ বাসায় হৃদ্রোগে আক্রান্ত হন ৬৭ বছর বয়সী এক ব্যক্তি। চিকিৎসাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিপিআর দিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
দ্বিতীয় ঘটনায়, সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে শ্বাসকষ্ট শুরু হলে ৮৮ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়। সিপিআর দিয়ে দুরান্দ হাসপাতালে ভর্তি করা হলেও কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে বুয়েনস এইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭২ বছর বয়সী আরেক ব্যক্তি শ্বাসকষ্ট ও তীব্র বুকে ব্যথা নিয়ে আলভারেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে রাজধানীর ওবেলিস্ক এলাকায় সমর্থকদের ব্যাপক সমাগমে কয়েকটি দুর্ঘটনাও ঘটে। প্রায় চার মিটার উঁচু থেকে পড়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হন। এছাড়া অতিরিক্ত ভিড়, ধাক্কাধাক্কি, মারামারি ও অতিরিক্ত মদ্যপানের কারণে আরও বেশ কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।