রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে মারধরের অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতি সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার ২৬ মে সন্ধ্যায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিসে এঘটনা ঘটে বলে জানায় রাজবাড়ী থানার ওসি মো. মাহমুদুর রহমান। এঘটনায় রাতেই রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, নারায়ণপুর এলাকার রিয়াজুদ্দিন আহম্মদের ছেলে মো. রুহুল আমিন, শেখপাড়ার বদরউদ্দিন বিশ্বাসের ছেলে মো. বাচ্চু বিশ্বাস, রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার রওশন আলী শিকদারের ছেলে মামুন শিকদার, মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ফরিদ হোসেন ও রেজাউল করিম পিন্টুর ছেলে মো. শিশির করিম।
রাজবাড়ী থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে পাংশা উপজেলার দুই পক্ষকে নিয়ে গনশুনানি করছিলো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। সে সময় একপক্ষের একজন উত্তেজিত হয়ে ওই কর্মকতাকে মারধোর করে।তাৎক্ষনিক খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনী গিয়ে ৬ জনকে আটক করে।
ওসি মো. মাহমুদুর রহমান বলেন, সরকারি কাজে বাধা ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।