| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৬ ইং | ১৪:৪৪:৪৪:অপরাহ্ন  |  ২৬৪ বার পঠিত
ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার

রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ইসিকে চোখ-কান খুলে স্বাধীনভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছে জামায়াত।

বুধবার (২৯ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “ইসি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না। আমরা তাদের চোখ-কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি।”

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি আইন দ্বারা নিষিদ্ধ থাকায় দলটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, রাজনৈতিকভাবে যাদের জনপ্রতিনিধিদের জায়গায় বসানো হয়েছে, তাদের ওই পদে থাকার বৈধতা এবং ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা নিয়েও সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত রয়েছে, তা বাতিলের দাবি জানিয়েছে জামায়াত। ইসি বিষয়টি আমলে নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবিও জানিয়েছে জামায়াতের প্রতিনিধিদল।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে দায়িত্ব পালন করেছেন তিনি। তাকে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হলে নির্বাচন নিরপেক্ষ হবে না।

তিনি জানান, বৈঠকে নির্বাচন কমিশনের কার্যক্রম, নির্বাচনকালীন নিরপেক্ষতা এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে জামায়াতের পক্ষ থেকে নিজেদের অবস্থান তুলে ধরা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪