বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও "গ্রীন বাংলাদেশ" গড়ার প্রত্যয়ে পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়নে এক হাজারেরও বেশি শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল গনি সিকদার বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি বলেন, “প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ করে নিয়মিত পরিচর্যা করে, তাহলে অল্প সময়ের মধ্যেই একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন, বগা ইউনিয়ন
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মহিউদ্দীন, বগা ইউনিয়ন জামায়াতের আমির শহিদুল ইসলাম, ছাত্রশিবির নেতা মুজাহিদুল ইসলাম, ইউপি সদস্য আবুল কালাম মৃধা, ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান বাবুল মৃধা এবং যুবদল নেতা শামীম মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু গাছের চারা রোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের আশপাশে বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/রাফিদ