| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে মাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ১৯:২৬:০৩:অপরাহ্ন  |  ১০৮৯ বার পঠিত
ফরিদপুরে মাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুর শহরতলীতে ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এর আগে একইভাবে সৎ মাকে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ফরিদপুর শহরতলীর বায়তুল আমানের রহমত মোল্যার ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেল ৫টার দিকে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত নারী সামেলা বেগম (৬০) ওই এলাকার মৃত শেখ আকবরের স্ত্রী। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জননী। নিহতের ছোট ছেলে রাহিম শেখ (৩০)-এর বিরুদ্ধে এ হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাহিম শেখ মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানিয়েছেন। নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন সময় মায়ের সঙ্গে তার ঝগড়া হতো। কয়েকদিন আগেও মাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে রাহিম ধারালো অস্ত্র দিয়ে তার মাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সামেলা বেগমের মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

স্থানীয়রা আরও জানান, ২০১৬ সালে রাহিম শেখ তার সৎ মাকেও কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় তিনি প্রায় ছয় বছর কারাগারে ছিলেন। পরে তার বাবা জামিনে তাকে বের করে আনেন। এরপর আবারও তিনি মাদকাসক্ত হয়ে পড়েন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

নিহতের মেয়ে কাকুলী আক্তার বলেন, সকালে মায়ের সঙ্গে খাওয়া-দাওয়া করে তিনি কাজে চলে যান। তার ভাই মানসিক সমস্যার কারণে আলাদা ঘরে থাকতেন। দুপুরে মাকে হত্যার খবর পেয়ে তিনি বাড়িতে ফিরে আসেন।

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত নারীকে তার ছেলে কোনো একটি বস্তু দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত রাহিম শেখকে গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও জানান, প্রায় ১০ বছর আগে রাহিমের বিরুদ্ধে সৎ মাকে হত্যার অভিযোগ ছিল এবং সে ওই মামলায় কারাগারে ছিল। তার মাদকাসক্তির বিষয়েও তথ্য পাওয়া গেছে। তার থাকার ঘর থেকে মাদক সেবনের সরঞ্জাম সদৃশ কিছু আলামত উদ্ধার করে জব্দ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪