স্টাফ রিপোর্টার: জুলাই জাতীয় সনদ বাস্তবায় ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে নতুন এ কর্মসূচির কথা জানান জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
এর আগে সন্ধ্যা ৭টায় একই স্থানে ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক নীতি-নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ জানান, গত ২৫ জুলাই সিলেট বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে জোটের আগের দফায় ঘোষিত কর্মসূচি শেষ হয়েছে। পরবর্তী মাঠপর্যায়ের কর্মসূচি চূড়ান্ত করতে আগামী ৩ আগস্ট বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলের শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত লিয়াজোঁ কমিটির বৈঠকে এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মাজেদ আতহারী ও বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলামসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের আশ্রয় নিচ্ছে। যুবদল, ছাত্রদল ও বিএনপির সন্ত্রাসীরা রাজনৈতিক বক্তব্য মোকাবিলা করতে না পেরে সন্ত্রাসী কায়দায় আক্রমণ চালিয়েছে—যা বিগত ফ্যাসিবাদেরই পুনরাবৃত্তি। সরকারের এসব জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের জনগণকে দ্রুত ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব