ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার চরভদ্রাসন থানায় বিভিন্ন অভিযোগে আটক ৩০টি মোটর সাইকেল খোলা আকাশের নিচে থেকে নষ্ট হচ্ছে। এতে নষ্ট হচ্ছে জাতীয় সম্পদ আর রাজস্ব হারাচ্ছে সরকার।
শুক্রবার (২৭) সকালে গিয়ে চরভদ্রাসন থানায় গিয়ে দেখা গেছে, থানার উন্মুক্ত স্থানে রোদ-বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে এসব মোটরসাইকেল।
থানা সূত্রে জানা যায়, যে সমস্ত মোটর সাইকেল জব্দ করা হয়েছে তার অধিকাংশই চুরি করা, দুর্ঘটনায় পতিত হওয়া, মাদকসহ আটক এবং ট্রাফিক আইনে মামলা রয়েছে । এগুলোর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রয়েছে। এ কারণে মোটর সাইকেল মালিকদের এ বিষয়ে কোন গুরুত্ব নেই। মামলার বিষয়টি নিস্পত্তি হলে এই পড়ে থাকা মোটরসাইকেলগুলোর আইন অনুযায়ী ব্যবস্থা করা যেত। খোলা আকাশের নিচে জং ও মরচে পড়ে নষ্ট হচ্ছে। এ সমস্ত মোটর সাইকেলের অধিকাংশই দামি। এসবের মধ্যে ১৫০ সিসি পালসার, ১৩৫ সিসি ডিসকভারসহ বিভিন্ন ব্রাণ্ডের মোটরসাইকেল রয়েছে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, এই মুহূর্তে থানা চত্বরের উন্মুক্ত জায়গায় মোটর সাইকেলগুলো পড়ে আছে। এসব মোটরসাইকেলের কোনটি চোরাই, কোনটির বিরুদ্ধে মামলা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রতিবেদন চেয়েছে। আমি প্রতিবেদন তৈরি করে খুব শীঘ্রই জমা দেব। পরবর্তী নির্দেশনা মোতাবেক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএমএন