স্টাফ রিপোর্টার: ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার) ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের সবকটিতেই জয় পেয়েছে বিএনপিপন্থি ‘নীল প্যানেল’। প্রতিদ্বন্দ্বী জামায়াত–এনসিপি সমর্থিত ‘সবুজ প্যানেল’ কোনো পদেই জয়ী হতে পারেনি।
শুক্রবার (১ মে) দিনগত রাতে ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফলে দেখা যায়, নীল প্যানেল পূর্ণাঙ্গ কমিটি গঠন করে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে।
নির্বাচনে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে মো. রেজাউল করিম চৌধুরী এবং সহ-সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ জয় পান। কোষাধ্যক্ষ হয়েছেন মোহাম্মদ আনিসুজ্জামান (আনিস)।
সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. এলতুতমিশ সওদাগর (অ্যানি) এবং সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাহাদী হাসান জুয়েল নির্বাচিত হন। লাইব্রেরি সম্পাদক পদে খন্দকার মাকসুদুল হাসান (সবুজ), সাংস্কৃতিক সম্পাদক পদে মারজিয়া হীরা, অফিস সম্পাদক পদে মো. আফজাল হোসেন মৃধা এবং ক্রীড়া সম্পাদক পদে মো. সোহেল খান জয়ী হয়েছেন।
এছাড়া সমাজকল্যাণ সম্পাদক পদে এ এস এম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে শফিকুল ইসলাম (শফিক) নির্বাচিত হন। সদস্য পদেও নীল প্যানেলের প্রার্থীরা এককভাবে জয় পান।
নির্বাচনে সদস্য পদে জয়ীদের মধ্যে রয়েছেন—এ এইচ এম রেজওয়ানুল সাঈদ (রোমিও), ফারজানা ইয়াসমিন, মো. আদনান রহমান, মো. নিজাম উদ্দিন, মো. নজরুল ইসলাম (মামুন), মো. সানাউল, মামুন মিয়া, মুজাহিদুল ইসলাম (সায়েম), শেখ শওকত হোসেন এবং সৈয়দ সারোয়ার আলম (নিশান)।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে এমন একতরফা ফলাফল আইনজীবী অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগপন্থি কোনো প্যানেল অংশ নেয়নি। ফলে বিএনপি ও জামায়াত–সমর্থিত আইনজীবীদের প্রতিদ্বন্দ্বিতায় রাজনৈতিক ও সাংগঠনিক সমীকরণ ফলাফলে বড় প্রভাব ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/বাবি