| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৬ ইং | ২২:১২:১০:অপরাহ্ন  |  ২৪৪৯ বার পঠিত
নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন

স্টাফ রিপোর্টার: নতুন প্রজন্মের মধ্যে পবিত্র আল-কুরআনের শিক্ষা, হিফজ ও শুদ্ধ তিলাওয়াতের চর্চা ছড়িয়ে দিতে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘হিফজুল কুরআন ও হুসনে সাউত প্রতিযোগিতা-২০২৬’। শনিবার (১ আগস্ট) মগবাজারের শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদে আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজকদের তথ্যমতে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন মাদ্রাসা থেকে প্রায় ৫০০ হাফেজ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। হিফজুল কুরআন ও হুসনে সাউত—দুই বিভাগে প্রতিযোগীরা তাদের মেধা, যোগ্যতা ও শুদ্ধ তিলাওয়াতের নৈপুণ্য প্রদর্শন করেন। প্রাণবন্ত এ আয়োজনে অভিভাবক, আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল ওয়াহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সাদিকুর রহমান আজহারী, সেক্রেটারি জেনারেল মাওলানা মুস্তাফিজর রহমানী, অর্থ সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমান শাহিন এবং সাংগঠনিক সম্পাদক ইমাদুদ্দিন আল-মাদানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াকফ প্রশাসনের সচিব ও ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ, নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, জাতীয় সংসদ সদস্য সাইফুল আলম খান, আজিজ গ্রুপের চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী এবং শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল সানলাইট প্রাইভেট লিমিটেড এবং সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি দোয়া এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। এছাড়া দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, হাফেজ, কারী, ইসলামি ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক মুসল্লি অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, পবিত্র আল-কুরআন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। কুরআনের শিক্ষা, হিফজ এবং শুদ্ধ তিলাওয়াত ব্যক্তি ও সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং তাকওয়া প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নতুন প্রজন্মকে কুরআনের সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রয়োজনীয়।

আল ওয়াহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান বলেন, প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু প্রতিযোগিতা আয়োজন নয়, বরং এমন একটি কুরআনপ্রেমী প্রজন্ম গড়ে তোলা, যারা নিজেদের জীবন আল-কুরআনের আলোকে পরিচালিত করবে এবং সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তিনি জানান, ভবিষ্যতেও কুরআনের খেদমত, দ্বীনি শিক্ষা ও মানবকল্যাণে ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সনদপত্র, নগদ অর্থ ও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা সাদিকুর রহমান আজহারী।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও আল ওয়াহদা ফাউন্ডেশন কুরআনের শিক্ষা, হিফজ, তিলাওয়াত, দাওয়াহ, মানবসেবা এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর মতো জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪