| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার ফেরার আর কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ১৩:১০:১৭:অপরাহ্ন  |  ৪৪ বার পঠিত
শেখ হাসিনার ফেরার আর কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার ফিরে আসার আর কোনো সুযোগ নেই। তিনি এমন অপকর্ম করেছেন যে, তাকে শুধু ফ্যাসিস্ট নয়, অনেকেই এখন মাফিয়া বলছেন। দেশের মানুষ তাকে আর গ্রহণ করবে না।’

বৃহস্পতিবার (৬ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কিছু কর্মসূচি দেখে দেশে তাদের পক্ষে পরিবেশ তৈরি হয়েছে বলে মনে হতে পারে। তবে বাস্তবতা ভিন্ন। ‘ফেসবুকের সঙ্গে মাঠের বাস্তবতার কোনো মিল নেই। বিচ্ছিন্ন কিছু কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যদি মনে করেন শেখ হাসিনার ফেরার পথ তৈরি হয়েছে, সেটি সম্পূর্ণ ভুল ধারণা।’

তিনি বলেন, আওয়ামী লীগের ভেতরেও এমন প্রচার চালানো হচ্ছে যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। কিন্তু জনগণের মধ্যে তার জন্য কোনো গ্রহণযোগ্যতা নেই।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘গত ১৭ বছরে বহুবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছি। কাশিমপুর কারাগার থেকে আদালতে নিয়মিত যাতায়াত করতে হলেও কখনো মনোবল হারাইনি। আমার প্রজন্মের দায়িত্ব ছিল তরুণদের সাহস জোগানো। সেই বিশ্বাস থেকেই আন্দোলনের সঙ্গে ছিলাম এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করেছি।’

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অপ্রয়োজনীয় বিভাজন ও সংঘাত সৃষ্টি হলে সেটিই আওয়ামী লীগের জন্য সুযোগ তৈরি করবে। তাই সবাইকে সস্তা রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক শক্তির মধ্যে ঐক্য বজায় রাখতে হবে।

জুলাই সনদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘অনেকেই বলেন জুলাই সনদ বাস্তবায়ন হবে না। কিন্তু জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন হবে।’

আলোচনা সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, জাকসু নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪