| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে: শেখ হাসিনা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৬ ইং | ১২:১০:১৭:অপরাহ্ন  |  ২১৯৭ বার পঠিত
প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে: শেখ হাসিনা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মী ও সংসদ সদস্যদের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ। এ-সংক্রান্ত একটি ফোনালাপের রেকর্ড সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন।

ওবায়দুল কাদেরসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানির সময় ফোনালাপের রেকর্ডটি ট্রাইব্যুনালে দাখিল করা হয়। প্রসিকিউশনের দাবি, ওই কথোপকথনে আন্দোলনকারীদের দমন, দলীয় নেতাকর্মীদের বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়া এবং অগ্নিসংযোগের পালটা ব্যবস্থা নেওয়ার বিষয়ে নির্দেশনার কথা উঠে এসেছে।

উপস্থাপিত ফোনালাপে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে শেখ হাসিনাকে কথা বলতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে শেখ হাসিনা আন্দোলনকারীদের বিভিন্ন স্থানে পুনরায় জড়ো হওয়ার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, আন্দোলনকারীরা বিভিন্ন জায়গায় আবার জড়ো হচ্ছে এবং ‘শুধু আগুন দিয়ে পোড়াবে সব’। জবাবে হাছান মাহমুদ তার সঙ্গে সম্মতি জানান।

এরপর দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। ফোনালাপে তাকে বলতে শোনা যায়, বিভিন্ন এলাকায় লোক ঠিক করতে এবং নেতাকর্মীদের সেভাবে ব্যবস্থা করতে হবে। এ সময় প্রত্যেক সংসদ সদস্যকে ডেকে নিজ নিজ এলাকায় থাকার ও ‘প্রটেকশন’ দেওয়ার নির্দেশনার কথাও বলেন তিনি।

হাছান মাহমুদ ওই নির্দেশনা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানিয়ে দেওয়ার কথা বলেন।

কথোপকথনের পরবর্তী অংশে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের প্রসঙ্গ উঠে আসে। এ সময় শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের কথাও বলেন। ফোনালাপে তিনি বলেন, সেতু ভবনে আবার আগুন লাগানো হচ্ছে। এরপর তিনি র‌্যাব পাঠানোর কথা উল্লেখ করেন এবং যেসব এলাকায় জমায়েত রয়েছে, সেসব স্থানে র‌্যাব মোতায়েনের নির্দেশনার কথা জানান।

আলোচনার একপর্যায়ে পালটা অগ্নিসংযোগের প্রসঙ্গও তোলেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে উল্লেখ করে তিনি সেগুলো চিহ্নিত করার কথা বলেন। এ সময় ফোনালাপে তাকে বলতে শোনা যায়, ওদের ব্যবসাপ্রতিষ্ঠান কী কী আছে, খুঁজে বের করো।

ফোনালাপের শেষদিকে আন্দোলনকারীদের কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে শেখ হাসিনার কণ্ঠে শোনা যায়, আজ তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে।

প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে ফোনালাপটি উপস্থাপন করে দাবি করা হয়, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন দমনে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে রাজনৈতিক নেতাকর্মীদের মাঠে সক্রিয় করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। ফোনালাপটি মামলার যুক্তিতর্কের সময় রাষ্ট্রপক্ষের উপস্থাপিত প্রমাণের অংশ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪